নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী দখল করে গড়ে ওঠা ইটভাটার পাইলিংসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ সময় ২৫টি ইটভাটার পাইলিং, ১০টি বালির গদিসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি বাল্কহেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে চলা অভিযানে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. শহীদ উল্যাহ, উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার ও সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, হাইকোর্টের নির্দেশে তাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।










