ডক্টর মুহাম্মদ ইউনূস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন, তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মকারীরা যাতে পার পেতে না পারে, সেজন্য সার্বক্ষণিক পাহারা দেয়ার জন্যও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে যান মির্জা ফখরুল। তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ড. ইউনূস ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি। গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেশে যে সমস্যা চলছে এটা মূলত গণতন্ত্রের অভাবে হচ্ছে। যত দ্রুত ড. ইউনূস গণতন্ত্র ফেরাতে পারবেন, তত দ্রুত তিনি সফল হবেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতিদ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। আমরা বলেছি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যে ভয়াবহ দানব সরকার আমাদের ওপর চেপে বসেছিল, তাদের পতন হয়েছে ছাত্রদের আন্দোলনসহ রাজনৈতিক দল ও নাগরিকদের মাধ্যমে। তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গিয়েছে। আন্দোলনে যারা শরিক হয়েছিলেন, তার মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিককে আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই? হাজার হাজার আহত হয়েছে।’
ছাত্র ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদের দেখার জন্য। এখনো ১২৪ জন ভর্তি রয়েছে। ১০-১৫ জন তাদের পা হারিয়েছে, তিনজন মারা গেছে। অসংখ্য ছাত্র, শ্রমিক আহত হয়েছে।










