কক্সবাজারে বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। রামু উপজেলার লম্বরী পাড়ায় আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুরা হলো-ওই গ্রামের আবদুল করিমের মেয়ে তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। এরা দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে তাসফিয়া নুর ৩য় শ্রেণিতে এবং জান্নাতুল মাওয়া শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিলো। ওই দুই ছাত্রীর বাবা আবদুল করিম জানান সকাল ১০ টার দিকে তার মেয়েসহ পাশের আরো কয়েকজন শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালীর চলে যান। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে ৪ জন শিশু পানিতে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দা ওসমান গনি জানান, ৪ শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়ে। এক পর্যায়ে ২ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় অপর ২ শিশু। বেলা ১২ টার দিকে তাসফিয়া নুর এবং দুপুর সাড়ে ১২ টার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসী জানান- আবদুল করিম দম্পতি ২ কন্যা শিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছেন। শিশু দুটির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা সহ স্বজনরা। এনিয়ে পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে যান।










