বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাগলা শ্যামনগর এলাকায় মরদেহটি পাওয়া যায়। নিহতের মরদেহের সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, মরদেহটি ফুলে গিয়ে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী টের পায়। এর পর পুলিশকে খবর দেয়া হয়। তবে স্থানীয়দের মধ্যে কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে স্তুপ করে রাখা বৈদ্যুতিক খুঁটির পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৬ থেকে ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিভিন্ন স্থানে যোগাযোগ করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এরপরও যদি মরদেহের পরিচয় পাওয়া না যায়, তাহলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।