চট্টগ্রামের রাউজান উপজেলা ও নগরীতে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এসব ঘটনায় নিহতরা নির্মাণ ও পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন।
রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় স্থানীয় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালীর সমীরণ দাশ। প্রদীপ বাড়ির মালিকের জামাতা বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে প্রথমে অসুস্থ হয়ে পড়েন প্রদীপ। পরে তাকে উদ্ধার করতে নেমে একইভাবে আক্রান্ত হন সমীরণ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই দিন নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় আরো দুজনের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব বলে জানা গেছে। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।










