পয়েন্টসম্যান ও পোটারদের ধর্মঘটের কারণে আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস এক ঘণ্টা থেমে থাকার পর নাটোর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। তবে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট চলমান রয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ৯টার পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এর আগে সিগনাল না পেয়ে স্টেশনের আউটারে আটকা পড়ে আন্তঃনগর ট্রেনটি। এতে করে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়৷
হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়তে হয় যাত্রীদের। এ সময় টিকিটের টাকা ফেরত ও ট্রেন চলাচলের দাবিতে হট্টগোল করে যাত্রীরা। পরে স্টেশনের একজন স্থায়ী কর্মচারী ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
পয়েন্টসম্যান আমিনুল ইসলাম জানান, রেলওয়েতে মাস্টার রোলে কর্মরত প্রায় ৫০০ পয়েন্টসম্যান ও ৩০০ পোটার তাদের চাকরি স্থায়ীকরণসহ ছয় দফা দাবিতে ঢাকায় অবস্থান করছেন। এ কারণে সিগন্যাল সমস্যায় পড়ে আটকা পড়ে ট্রেন।
এ দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান নাটোর স্টেশন মাস্টার কামরুন্নাহার।










