খুলনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হয়েছেন। গতকাল সকালে ফুলবাড়ী গেটের যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রেন থামিয়ে রেলওয়ে পুলিশ ধাওয়া করে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। আটককৃতরা হলো ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের রাকিব হোসেনের ছেলে সামিউল হাসান সিয়াম (১৪) ও গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের কাজল শেখের ছেলে সাজ্জাত শেখ (১৩)। তারা দুজনই নগরীর খানজাহান আলী থানার যোগীপোল আদর্শ নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ শাখার ছাত্র।

রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান জানান, গতকাল সকাল ৬টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি সকাল সোয়া ৭টায় ফুলবাড়ী গেটের যোগীপোল এলাকা অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করলে ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হন। পাথরের আঘাতে তার ঠোঁট ও মুখ কেটে যায়। তখন চালক ট্রেন থামিয়ে দেন। এরপর রেলওয়ে পুলিশ ধাওয়া করে দুজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।