রাজবাড়ীর বসন্তপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। নিহত বৃদ্ধার পরিচয় এখনো শনাক্ত হয়নি।

রোববার (৫ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেটকিপার মাসুম খান জানান, নিহত নারী রাস্তায় ঘোরাফেরা করা পাগল বলে ধারণা করা হচ্ছে। রেললাইন ধরে হাঁটার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

গেটকিপার মাসুম আরো বলেন, ভোরে স্থানীয়রা বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে সামনে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত নারীর মাথা ও পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।