নদীর সঠিক সংখ্যা নির্ধারণসহ নদী দখল ও দূষণমুক্ত করতে আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।   

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় সভায় পানিসম্পদ উপদেষ্টা এ নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম. সাখাওয়াত হোসেন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনাররা।

সভায় পানি উন্নয়ন বোর্ড, বিআইডাব্লিউটিএ, নদী রক্ষা কমিশন ও বিভাগীয় কমিশনারদের যৌথভাবে নদীর তালিকা প্রণয়ন করে জনমতের জন্য ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেন উপদেষ্টা। একই সঙ্গে নদী দখলদার উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা জমা দেয়ার নির্দেশও দেন তিনি।

পরিবেশ অধিদপ্তর দূষিত নদীর তালিকা প্রণয়ন করবে এবং বিআইডাব্লিউটিএ ঢাকা সার্কুলার নৌপথের প্রস্তাবনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে বলে জানানো হয় সভায়।