সাগরে মাছ ধরতে গিয়ে আটক ছয় বাংলাদেশি জেলেকে অবশেষে ফেরত দিয়েছে মিয়ানমার। বর্ডার
গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় আটকের দীর্ঘ ৩৭ দিন পর
তাদেরকে হস্তান্তর করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।
আজ বুধবার বিকেলে মিয়ানমার থেকে একটি
বাণিজ্যিক ট্রলারের মাধ্যমে তাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। এর আগে, গত ১
ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমার জলসীমায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার
পর বিজিপির হাতে আটক হন তারা।
ফেরত বাংলাদেশি জেলেরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউপির
আব্দুর রহমান, কেফায়েত উল্লাহ, হামিদ
উল্লাহ, টেকনাফ সদর ইউপির মুহাম্মদ তৈয়ুব, আব্দুর রশিদ এবং মোহাম্মদ মামুন।
আজ বিকেল সাড়ে ৫টায় টেকনাফ-২ বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে জানান,
গত ১ ফেব্রুয়ারি টেকনাফের বাহারছড়ার ৬ জেলে রোজকার মতো সাগরে মাছ
শিকারে যান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে
মাঝসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মিয়ানমার সমুদ্র উপকূলে ঢুকে পড়েন তারা। এরপর
মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) এর হাতে আটক হয়ে কারাগারে মানবেতর জীবন
পার করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি আমাদের কনস্যুলেটের
মাধ্যমে খবর পেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। অবশেষে দীর্ঘ ৩৭ দিন পর
টেকনাফ স্থলবন্দরে আসা বাণিজ্য ট্রলারে করে তাদের ফেরত আনা হয়েছে।
তিনি আরো বলেন, মিয়ানমার
থেকে ফেরত আনা ছয় জেলের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে কেফায়েত উল্লাহ নামে এক
জেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাকে আলাদাভাবে রাখা হয়েছে। টেকনাফ মডেল
থানা পুলিশ তার আইসোলেশন নিশ্চিত করবেন। অন্য পাঁচ জেলের আইনি প্রক্রিয়া শেষে
স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া থানার তত্ত্বাবধানে
সম্পন্ন করা হবে।










