নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদের ছাদে পানির ট্যাংকির সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামে এক স্যানিটারি মিস্ত্রী নিহত হয়েছেন। এসময় একইভাবে আহত হন মসজিদের মুয়াজ্জিন সোলায়মান। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মনির হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বউলতলি গ্রামে।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মসজিদের ওজুখানায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় লাইন মেরামতের জন্য ছাদে ট্যাংকি পরীক্ষা করতে যান স্যানিটারি মিস্ত্রী মনির হোসেন। মেরামতের কাজ শুরুর সময় পাশে ছিলেন মুয়াজ্জিন সোলায়মান। এক পর্যায়ে ট্যাংকির পাশে বিদ্যুতের ট্রান্সফরমারের উচ্চ ক্ষমতাসম্পন্ন তারে জড়িয়ে নিচে পড়ে যান মনির। তাকে বাঁচাতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন মুয়াজ্জিন সোলায়মান। তার দুই হাত পুড়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মনিরের মৃত্যু হয়। আহত মুয়াজ্জিনকে নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।