রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বণিক বার্তাকে বলেন, তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাজাপ্রাপ্ত আসামি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এদিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন হাসিবুর রশীদ।

অধ্যাপক হাসিবুর রশীদ উপাচার্যের দায়িত্ব নেন ২০২১ সালের ১৪ জুন। উপাচার্যের দায়িত্ব নেয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। বেরোবিতে যাওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে শিক্ষকতা করেন।