এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের মানুষ তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। এবার কোনো নাগরিককে ভোটাধিকার প্রয়োগে বাধা দেয়া হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। দেশের কোনো নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা দেখেছি জাতীয়তাবাদের রাজনীতি করা দলের প্রার্থীদের একটা বড় অংশ বিদেশী নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা মানায় না। তাদের লাল কার্ড দেখানো হবে।
বিএনপিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, তারা কৃষক এবং শ্রমিকদের জন্য পেনশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। সুতারাং এখন কৃষক কার্ড, ফ্যামেলি কার্ডসহ যত কার্ডের কথাই বলুন না কেন, আপনারা কথা রাখতে পারবেন না।
তিনি আরো বলেন, আমরা একটি দলকে বারবার সংস্কারের কথা বলতে শুনি। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কিন্তু একটা বারও তাদের দলীয় প্রধানকে সংস্কারের কিংবা গণভোটের কথা মুখেও আনতে দেখিনি।
এ সময় নোয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।















