নাটোরের গুরুদাসপুরে আবারো শিকারিদের ফাঁদ থেকে তিন শতাধিক বক ও ৩৫টি পাখি শিকারের ফাঁদ উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। গতকাল সকালে উপজেলার খুবজীপুর, বিলশা, হরদোমা, দিঘদারিয়া, যোগেন্দ্রনগর, পৌরসদরের বিলসহ প্রায় ১০টি মাঠে পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও তমাল হোসেন। এ সময় তিন শতাধিক বক উদ্ধার করা হয়। অন্যদিকে চলনবিলের সিংড়ায় কালিম ও বকসহ ৬০টি পাখি উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান।