খুলনায় প্রায় সাড়ে ২২ কোটি টাকা মূল্যের সোয়া দুই কেজি কোকেন উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট এনামুল হক জানান, আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, মো. সোহেল রানাকে যাবজ্জীবন ও ১ লাখ টাকা জরিমানা, আরিফুর রহমান ছগিরকে ১৫ বছর এবং বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির ও এসএম এরশাদকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
এনামুল হক জানান, ২০১৭ সালের ১২ আগস্ট র্যাব সদস্যরা খুলনা নগরীর ময়লাপোতা মোড় থেকে ২৩০ গ্রাম কোকেনসহ মো. সোহেল রানাকে আটক করে। সোহেলের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর গগণ বাবু রোড থেকে আরিফুর রহমান ছগিরকে আটক করা হয়।
এরপর ছগিরের দেয়া তথ্যের ভিত্তিতে দাকোপ উপজেলার চালনা বাজার এলাকা থেকে বিকাশ চন্দ্র মন্ডল, ফজলুর রহমান ফকির ও এসএম এরশাদ হোসেনকে আটক করা হয়।
তাদের নিয়ে অভিযান চালিয়ে র্যাব রূপসা উপজেলার রাজাপুর থেকে ২ কেজি ২০ গ্রাম কোকেনসহ বিকাশ চন্দ্র বিশ্বাসকে আটক করে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. রবিউল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।










