বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগের নির্বাচন কমিশনগুলো ভোটের পরিবেশ ধ্বংস করে শেখ হাসিনার কৃতদাস হিসেবে কাজ করতো। যারা পতিত স্বৈরাচার সরকারের তাবেদারী করেছে, শেখ হাসিনা তাদেরকেই নির্বাচন কমিশনে নিয়েছে। বর্তমান নির্বাচন কমিশন মানুষের ভোটের অধিকার এবং পরিবেশ ফিরিয়ে দিতে কাজ করবে বলে বিএনপি প্রত্যাশা করে।
আজ রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে বা সরাসরি যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত নানা কারণে সারা দেশের ৮০০ নেতাকর্মীকে দল এবং পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের যে কেউ আইন হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে সরাসরি দলীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া গত ২২ নভেম্বর নাটোরের বনপাড়ার কালিকাপুরে উজ্জল নামে এক আওয়ামী লীগ কর্মীকে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীরা মারধরে করে পুলিশে দিয়েছে। ঘটনার ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন রুহুল কবির রিজভী। এছাড়া বড়াইগ্রাম থানার ওসিকে মারপিটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা নেয়ার পাশাপাশি গ্রেফতার করে আদালতে সোপর্দ করার আহ্বান জানান রিজভী।
প্রেস ব্রিফিংয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহাবুবুল ইসলামসহ নাটোর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।










