বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের চিহ্নিত করা ও কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবের (নিরাপত্তা ও বহিরাগমন) নেতৃত্বে গঠিত এই টাস্কফোর্স সংশ্লিষ্ট কার্যক্রম সমন্বয় করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন গঠিত এই টাস্কফোর্সে সরকারের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১১ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। টাস্কফোর্সের সদস্যরা হলেন— প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (রাজনৈতিক-১ অধিশাখা্‌), স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং), এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াঁজো ব্যুরো) ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্মসচিব (বহিরাগমন-২ অধিশাখা)।

বিজ্ঞপ্তিটিতে আরো বলা হয়েছে, এই টাস্কফোর্স অবৈধ বিদেশী নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। এছাড়াও কমিটি এ সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।