কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলার মালুমঘাট বাজারসংলগ্ন নার্সারি এলাকায় পিকআপচাপায় নিহত পাঁচ ভাইয়ের পর মারা গেলেন আহত আরেক ভাই রক্তিম শীল (৩৬)।
গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি খগেশপ্রীত চন্দ্র খোকন।
প্রয়াত বাবা সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে বাড়িতে মিলিত হয়েছিলেন সাত ভাই ও দুই বোন। ৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে একসঙ্গে তারা বাড়ি ফেরার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু হয়। ওইদিন বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ভাই। ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রক্তিম শীলও।
এ ঘটনায় বেঁচে যান সুরেশ চন্দ্র শীলের মেয়ে মুন্নী শীল। আহত হন আরো দুই ছেলে ও এক মেয়ে। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন।










