টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারি চক্রের অসংখ্য আস্তানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব আস্তানায় টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আন্তর্জাতিক মানবপাচার চক্রের ৩ সদস্যকে আটক করেছে তারা। উদ্ধার করা হয়েছে পাচারের জন্য আটকে রাখা ৮৪ জনকে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ২ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। রোববার সন্ধ্যার পর টেকনাফের কয়েকটি পাহাড়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

IMG-20250922-WA0095 (1)

আটককৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়ার সাইফুল ইসলাম (২০) ও মো. ইব্রাহিম (২০)। আটকরা মানবপাচারকারি আন্তর্জাতিক চক্রের সদস্য। এ চক্রের আরো ৯ জনকে শনাক্তের তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়ায় গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মালয়েশিয়া-থাইল্যান্ডে নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে বলে তথ্য পাই আমরা। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে উদ্ধার করে বিজিবি ও র‌্যাব। উদ্ধারকৃতদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ে বৃহৎ যৌথ অভিযান পরিচালনা করি। এতে আলাদাভাবে পাচারকারীদের তিনটি পাহাড়ি আস্তানা থেকে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে পাচারের জন্য জড়ো করা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

IMG-20250922-WA0137

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বাংলাদেশে অবস্থানরত এ পাচারকারীরা আন্তর্জাতিক চক্রের মূলহোতা। তাদের অধীনে রয়েছে বিভিন্ন শাখা-প্রশাখায় বিভক্ত দালালদের একটি শক্তিশালী নেটওয়ার্ক। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ ক্যাম্পের চক্রও জড়িত রয়েছে। তাদের আমরা ধরতে কাজ করছি।