চট্টগ্রাম বন্দরের প্রবেশ চ্যানেলে স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে একটি কনটেইনার জাহাজ আটকে গেছে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে কর্ণফুলীর মোহনায় প্রবেশের সময় পণ্যবাহী কনটেইনার জাহাজ 'এমভি সিএনসি ইউরেনাস' স্টিয়ারিং গিয়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর জাহাজটি ২ নম্বর লাল বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে সংলগ্ন ওয়ালের ওপর আটকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনাস্থলের বাইরে চ্যানেলটি সম্পূর্ণ নিরাপদ এবং নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে ১ হাজার ২৮২ টিইইউ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজে মাস্টারসহ মোট ২৪ জন ক্রু অবস্থান করছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট কান্ডারী-২, কান্ডারী-৪ ও কান্ডারী-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট হালদা এবং টানেল টাগবোট প্রমত্ত দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন।










