তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে জাতির দীর্ঘদিনের কলঙ্ক মোচন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে গতকাল ত্রয়োদশ সংশোধনী মামলার রায় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে আখতার হোসেন এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত বেশির ভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তখন সম্পূর্ণ একতরফা রায় দেয়া হয়। সে রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের রায়কে আমরা স্বাগত জানাই। এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে।’

আখতার আরো বলেন, ‘নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে অস্পষ্টতাগুলো দূর করতে হবে। তাহলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।’