গত কয়েকদিনের বৃষ্টিতে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও এ শহরের বাতাস এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। এদিন সকাল সাড়ে ১০টার দিকে এ শহরেরে এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর ছিল ১১০। সে হিসেবে আজ ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।

আইকিউ এয়ারের হালনাগাদ তথ্য বলছে, ২৬৪ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৫৫ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ।

এছাড়া ১৩৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, ১৩৩ স্কোর নিয়ে চতুর্থ চিলির সেন্টিয়াগো, একই স্কোর নিয়ে পঞ্চম নেপালের কাঠমান্ডু, ১১৯ স্কোর নিয়ে ষষ্ঠ চীনের সাংহাই, ১০৮ স্কোর নিয়ে অষ্টম উগান্ডার কামপালা, ১০৫ স্কোর নিয়ে নবম ইন্দোনেশিয়ার জাকার্তা ও ১০২ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

বায়ুমান পর্যবেক্ষণকারী এ সংস্থার সূচক বলছে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।