খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বাস্তুসংস্থান পুনরুদ্ধার’
শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল শুরু হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার।
পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে খ্যাতনামা পরিবেশবিদ অধ্যাপক ড. আইনুন নিশাত, ড. আলী রেজা খান ছাড়াও ভারত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সুইডেনসহ দেশী-বিদেশী বিশেষজ্ঞ, বিজ্ঞানী সশরীরে এবং ভার্চুয়ালি এ সম্মেলনে নেন।
সম্মেলনে ছয়টি কি-নোট পেপার এবং ১২৫টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে।
অধ্যাপক হারুন বলেন, ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে দেশে স্নাতক পর্যায়ে পরিবেশবিজ্ঞানবিষয়ক শিক্ষা কার্যক্রম প্রথম শুরু হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। এ বছর ডিসিপ্লিনের ২৫ বছরপূর্তি তথা রজতজয়ন্তী সামনে রেখে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুন্দরবন এবং উপকূলীয় জয়মণি এলাকা পরিদর্শন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষক-বিজ্ঞানীরা নতুন নতুন দিকনির্দেশনা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্মেলন শেষে একটি সুপারিশমালা তৈরি হবে।










