খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হূদয় শেখ (২৪) নামের এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মিঠু নামের আরেক দোকানি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত হূদয় ওই এলাকার হারুন শেখের ছেলে।

জানা গেছে, হূদয় শেখ ও তার খালাতো ভাই মিঠুর পাশাপাশি দুটি মুদি দোকান। মিঠুর দোকান থেকে স্থানীয় এক যুবক বাকিতে মাল নিতেন। পাওনা টাকা চাওয়ায় বুধবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় কয়েক যুবক ওই স্থানে গিয়ে মিঠুকে মারধর করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে হূদয় শেখকে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হূদয়কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, বুধবার ইফতারের পর পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কে কয়েক যুবক হূদয় শেখকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।