নির্বাচনে প্রশাসনের পেশাদারিত্ব নিয়ে 'বিতর্কিত' মন্তব্যের জেরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি। এতে বলা হয়েছে, তার মন্তব্য দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুণ্ণ করেছে এবং দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থী।

গতকাল সোমবার দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্তের কথা জানা যায়। যদিও নোটিশটি আজ মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের ভেরিফাইড পেজে প্রকাশিত হয়।

এতে বলা হয়েছে, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে দেয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; বরং যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া আসে।

নোটিশে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী। দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শের বিরোধী বক্তব্য দেয়ার কারণে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। এর আগে শাহজাহান চৌধুরীকে বেশ কয়েকবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি।

এতে আরো বলা হয়, এ ঘটনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে তাকে শোকজ দেয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা লিখিতভাবে আগামী সাত দিনের মধ্যে জানাতে হবে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।