নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর স্টেশনের পাশে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে কেশবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩০)।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে লালপুর উপজেলার গোপালপুর রেল গেটের পশ্চিমে দুটি ট্রেন ক্রস করার সময় নিহতরা ট্রেন লাইন অতিক্রম করছিলেন। অন্যদিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি দেখতে না পাওয়ায় হয়তো সেটির নিচে তারা কাটা পড়েন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, লালপুর উপজেলার কেশবপুর এলাকায় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন ওই নারীসহ তিনজন। এ সময় একটি মালবাহী ট্রেন এলে তারা অন্য লাইনে চলে যান। এ সময় ওই রেললাইন দিয়ে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসছিল। সেটিকে না দেখায় তারা কাটা পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।