ঠাকুরগাঁও সদর উপজেলায় পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কৃষ্ণপুর গ্রামের কাস্টম কার্মকর্তা হাসান জাহিদ সাদ্দামের মেয়ে সাউদা তাবাসসুম ও সাদ্দামের ভাগনি সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও এলাকার আহসান আলীর মেয়ে আয়শা সিদ্দিকা।

পারিবারিক সূত্রে জানা যায়, সাউদা তাবাসসুম দাদা বাড়িতে ও আয়শা সিদ্দিকা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে কাউকে না জানিয়ে তারা পুকুরে গোসলে নামে। বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পান। পরে পানিতে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু।