নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন হোসেন (৫১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আজ ভোরে বনপাড়া-হাটিকুমরুল সড়কের থানার মোড় এলাকায় ঢাকা গামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক লিটন হোসেন নিহত হন। নিহত চালক যশোর জেলার কতোয়ালী উপজেলার চুরমনকাটি গ্রামের বাসিন্দা।
তিনি আরো জানান, এ সময় আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক দুইটি আটক করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।










