নারায়ণগঞ্জের চাষাড়া থেকে যাত্রী বেশে অটোরিকশায় উঠে চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ নদীর তীরে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
গতকাল রোববার দিবাগত রাতে ফতুল্লাহ বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। নিহতের নাম বেলাল (৩০)।
পুলিশ জানায়, রোববার রাতে নগরীর চাষাড়া থেকে যাত্রীবেশে তিন ছিনতাইকারী ফতুল্লার বক্তাবলী যাওয়ার ৯০ টাকা ভাড়ায় বেলালের অটোরিকশায় ওঠে। বক্তাবলী ঘাটে নেমে তিন ছিনতাইকারী বেলালকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।
আসলাম হোসেন জানান, অটোরিকশা চালক বেলালকে হত্যার ঘটনায় ৩ জনকে ভোলাইল এলাকা থেকে অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আজ আদালতে পাঠানো হবে। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদ (২৭), রবিউল (২৫) ও বোরহান (২২)।










