ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট বা পোস্টাল ব্যালট আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে সংশ্লিষ্ট ভোট গণনার বাইরে থাকবে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্ধারিত সময়ে ব্যালট না পৌঁছনোর ঝুঁকি থাকায় ভোটারদের দ্রুত ব্যালট পাঠানোর বিষয়ে আবারো সতর্ক করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে ভোটারদের উদ্দেশ্যে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর ব্যালট পেপার ও গণভোটের ব্যালট সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। ঘোষণাপত্রে স্বাক্ষর করে সাদা খামসহ সেটি হলুদ খামের ভেতরে রেখে নিকটবর্তী ডাকঘর বা ডাকবাক্সে দ্রুত জমা দিতে হবে।
ইসি আরো জানিয়েছে, ব্যালট যদি ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে তা পৌঁছাতে বিলম্ব হতে পারে। আর ভোটের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট না পৌঁছালে তা গণ্য করা হবে না। এজন্য প্রবাসী ভোটারদের যত দ্রুত সম্ভব ব্যালট পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং দেশের ভেতরের তিন শ্রেণির ভোটারের জন্য পোস্টাল ভোটের সুযোগ রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরের সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা ভোটার মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
ইসি আরো জানিয়েছে, এরই মধ্যে অনেক ভোটারের ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে।















