২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে দুই দিনের জন্য আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বুয়েট শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার জেরে চলমান আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচদফা দাবি পূরণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ফলস্রুতিতে দুই দিনের জন্য আন্দোলন শিথিল করার ঘোষণা দেয়া হল।

আগামী ১৪ অক্টোবর বুয়েটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন বলেন, আমাদের দাবি আগের মতোই ১০ দফা রয়েছে। যেহেতু সামনে অ্যাডমিশন টেস্ট, সেকথা বিবেচনা করে আমরা যেগুলো দ্রুত বাস্তবায়না করা সম্ভব সেগুলোর বিজ্ঞপ্তি চেয়েছিলাম। যেহেতু বুয়েট প্রশাসন আমাদের দেওয়া বাস্তবায়নযোগ্য ৫ দফা দাবি মেনে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এজন্য  আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করা হচ্ছে।