বাগেরহাটের ফকিরহাটে নসিমনে ট্রাকের ধাক্কায় ফজর আলী (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নসিমনের চালক ছিলেন। আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ব্র্যাকের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজর আলী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের মৃত নিজাম উদ্দিন শেখের ছেলে। এ সময় নসিমনে থাকা তিনটি গরুও মারা গিয়েছে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাসান জানান, চিতলমারী থেকে নসিমনযোগে গরু নিয়ে ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা নসিমনকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ফজর আলী নিহত হয়। গরু ব্যবসায়ী বাবা ছেলে আহত হয়। এ ঘটনায় নসিমুনে থাকা ৫ টি গরুর মধ্যে ৩টি গরু মারা যায়।