নারায়ণগঞ্জের বন্দরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে জামাই-শ্বশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বাগাপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ ও তার শ্বশুর সিদ্দিকুর রহমান।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার রাতে মোহাম্মদ উল্লাহ তার শ্বশুর সিদ্দিকুর রহমানকে আনতে কুমিল্লা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে সকালে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা এলাকায় এলে ঘটনাটি ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক রেজাউল করিম জানান, দ্রুতগতির প্রাইভেটকারটিকে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মধ্যে মোহাম্মদ উল্লাহ নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর ও গাড়িচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান সিদ্দিকুর রহমান। 

এ ঘটনায়  আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।