পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় ২৭ ফেব্রুয়ারি ভারত সরকারের চারজন মন্ত্রীসহ ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল আসছে নাটোরে। এ দিন নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করবেন তারা। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
গতকাল বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা বাস্তবায়নে প্রস্তুতি সভায় এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এ দেশের স্বাধীনতায় ভারতের অবদান ভোলার মতো নয়। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় সে দেশের চার মন্ত্রীসহ ৪০ জনের প্রতিনিধি দলটি নাটোর সফর করবে। তাদের এ সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভারত সরকারের মন্ত্রী এবং তাদের প্রতিনিধি দলের সামনে নাটোরের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হবে।
সভায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।










