বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে। ভোট হলে তাদের অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় এনসিপিএ একজন নেতাকর্মীও নেই। এ কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায়। তারা (জামায়াত) পিআর চায়, জনগণ পিআর বোঝে না। এসবের কারণ ভোট পেছানো। যেসবে একমত সেগুলোর দায় নেব, অন্যকিছুর দায় নেব না।

পরিবেশ উপদেষ্টা রেজওয়ানার মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নাম করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একমত হয়েছেন। এর বাইরে গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে দেশের মানুষ গ্রহণ করবে না।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।