নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন । গতকাল মঙ্গলবার ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে আল-মাহবুব ও চালক একই উপজেলার তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে মনিরুজ্জামান।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, নোহা মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহী পাসপোর্ট অফিসের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে বালুবোঝাই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায় ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান এবং যাত্রী আল-মাহবুব। এতে আহত হয় আরো তিনজন। তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে। মরদেহ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।