লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাফায়েত হোসেন (২৪) নামে এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে রিফাত (২২) নামে হাসপাতালের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় রিফাতকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাফায়েত পৌর শহরের ইটের পোলের কাশেমের ছেলে।

হামলার শিকার শাফায়েতের স্বজনরা জানান, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসক রোগী দেখেছিলেন। এ সময় দ্বিতীয় তলার গেট বন্ধ রাখেন কর্মচারী রিফাত। তখন রোগী শাফায়েত ভেতরে ঢুকতে গেলে রিফাত তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চিকিৎসক ওয়ার্ড থেকে বের হয়ে গেলে তাকে ঢুকতে দেয়া হয়। শাফায়েত তার বেডে যাওয়ার পর পুনরায় রিফাতের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত কয়েকজনকে নিয়ে তাকে মারধর করে। তাকে রক্ষা করতে গিয়ে তার বোন নেহার, আত্মীয়স্বজন এবং শ্রাবণও মারধরের শিকার হয়েছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। রোগীর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। রিফাত আমাদের হাসপাতালের অস্থায়ী কর্মচারী। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’