বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন রেডিক্যাল ডিজাইন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। সন্ধায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রায় আধাঘণ্টা পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তবে মালিক পক্ষ নানাভাবে কালক্ষেপণ করছে। ফলে বেতন-ভাতার দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুই শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসায় সড়কে তীব্র যানজট লেগে যায়। রোজিনা ইসলাম নামের একজন শ্রমিক বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যে টাকা বেতন পাই তা দিয়ে এমনিতেই সংসার চলে না। তার ওপর দুই মাসের বেতন বকেয়া পড়ায় খেয়ে না খেয়ে জীবন চলছে। ঘর ভাড়া বাকি, দোকানে বাকি পড়ে আছে। দোকানদার বাকি টাকার জন্য চাপ দিচ্ছে। বাড়িওয়ালা ঘর ছেড়ে দেয়ার জন্য প্রেসার দিচ্ছে। কিন্তু মালিক পক্ষ বেতন পরিষদ না করায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ শ্রমিকদের আস্বস্ত করে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্প পুলিশ ফতুল্লা জোনের ইন্সপেক্টর নাদির আলম বলেন, ‘ডিসেম্বরের বকেয়া বেতন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল।’










