নাটোরের লালপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার দুটি গ্রামের কৃষক-শ্রমিকসহ কয়েকশ মানুষ।

গতকাল সকালে নবীনগর ও শিবনগর এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আজাবুল হোসেন ডিলু, নবীনগর গ্রামের আশরাফ হোসেন টুনা, গোলাম মোস্তফা বকুল, আব্দুস শুকুরসহ অন্যরা। বক্তারা অবিলম্বে অবৈধ পুকুর খনন বন্ধের দাবি করে বলেন, এতে কিছু মানুষ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত এলাকার হাজার হাজার মানুষ। কমে যাচ্ছে ফসলি জমি, অনাবাদি হচ্ছে অনেক এলাকা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার তার কার্যালয় থেকে বের হয়ে এসে পুকুর খনন বন্ধের আশ্বাস দিলে ভুক্তভোগীরা বিক্ষোভ বন্ধ করে বাড়ি ফিরে যায়।