অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মন্ত্রী আব্দুল মঈন খান ও মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

গতকাল দুপুরে পৃথকভাবে হাসপাতালে গিয়ে দুই মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা।

বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

গতকাল দুপুরে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে গতকাল তাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে আনা হয়।

দুপুরে তাকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

অসুস্থ দুই নেতার পরিবারের সদস্য, দল ও সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।