নাটোর সদর হাসপাতালের প্রায় ৪ কোটি টাকার টেন্ডার শিডিউল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার বিরুদ্ধে। গতকাল দুপুরে নাটোর সদর হাসপাতালের বহির্বিভাগের সামনে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের কাছ থেকে শিডিউল ছিনিয়ে নেন তিনি। এ সময় স্বপনের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর এলাকায়। খবর পাওয়ার পর জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এদিকে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের কাছ থেকে টেন্ডারের শিডিউল ছিনিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন অভিযোগ করে বলেন, গতকাল দুপুরে নাটোর সদর হাসপাতালে ছয়টি গ্রুপের দুটি কাজের টেন্ডার শিডিউল ক্রয় করি। পরে শিডিউল ক্রয়ের খবর পেয়েই জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া দলবল নিয়ে আমাকে ঘিরে ধরে। এ সময় তিনি বলেন, আমি ছাড়া কেউ টেন্ডার জমা দেবে না। আমাকে শিডিউল উত্তোলন এবং জমা দিতে নিষেধ করেন। কিন্তু আমি শিডিউল ক্রয় করে বের হওয়ার সময় এহিয়া চৌধুরি ছিনিয়ে নিয়ে যান। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।
অভিযুক্ত যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার মন্তব্যের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয়ে এসএমএস দিলেও তিনি সাড়া দেননি।










