নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় স্বামী সন্তানের সামনেই প্রাণ হারালেন ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক গৃহবধূ। আজ শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে আদমজী ইপিজেড সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্বর্ণা বন্দর উপজার বাগবাড়ি এলাকার মোহাম্মদ রায়হানের স্ত্রী। এই দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্বর্ণার স্বামী রায়হান (২৮) ও তাদের শিশুসন্তান ওয়াসিফ (৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে সড়কে পড়ে যান। স্বর্ণাকে মাড়িয়ে চলে যায় ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতাবস্থায় রায়হান ও ওয়াসিফকে হাসপাতালে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।










