গাজীপুর মহানগরের জিরানী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আবারো মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার বেতন বাড়ানোর দাবিতে রোববার মহাসড়ক অবরোধ করা হয়। তখন বিক্ষোভের কারণে ওই এলাকার কয়েকটি কারখানা বন্ধ হয়ে যায়। সোমবার সকালে শ্রমিকরা আবারো কারখানায় এসে বিক্ষোভ শুরু করেন ও মহাসড়কে অবস্থান নেন।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকার ঘোষিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন অনুযায়ী যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বাড়ানো হবে না। তবে কারখানাটির শ্রমিকরা সবার জন্য বেতন বাড়ানোর দাবি জানিয়ে আন্দোলন করছেন। রোববার দুপুর পর্যন্ত আন্দোলন শেষে শ্রমিকরা বাড়ি ফিরে গেলেও সোমবার সকালে আবারো আন্দোলনে যোগ দেন।
সকাল সাড়ে ৮টায় তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৯টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ চালিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










