বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে চলছে। এরই মধ্যে সারা দেশে নির্বাচনের আবহ শুরু হয়ে গেছে। কোনো ঝামেলা ছাড়াই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন স্তরের বিজ্ঞ আইনজীবীরা অংশ নেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে নির্বাচন ব্যাহত হবে। তবে কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চাইলে দেশের জনগণ তাদের রুখে দেবে।
বিএনপি ক্ষমতায় গেলে ভারতসহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে দলটির অবস্থান কী হবে এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আগে ক্ষমতায় যাই, ক্ষমতায় গেলে তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, যখন ক্ষমতায় যাব, তখন পার্লামেন্টে গিয়ে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে তরুণ প্রজন্মের মাঝে বিএনপির প্রতি আকর্ষণ ফিরিয়ে আনতে দলে সব ধরনের পরিবর্তন ও ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। এটি স্রোতস্বিনী নদীর মতো। এখানে একেকটি আসনে চার-পাঁচজন করে প্রার্থী থাকেন, তাই কিছু সমস্যা তো হবেই। এটা বরাবরই হয়ে এসেছে। এতে কোনো অসুবিধা নেই। বরং এটা হওয়াটাই প্রমাণ করে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনী প্রচারণায় বিএনপি পিছিয়ে নেই, বরং বহু আগে থেকেই এগিয়ে আছে।
সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃদুল, সাবেক সভাপতি আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান।















