আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইএসপিআর। বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ব্যাখ্যা দেয়া হয়।

আইএসপিআর বলছে, সকলের জানমাল রক্ষার্থে গত ৫ আগস্ট সাভার সেনানিবাস থেকে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি বিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন। তখন আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশে রওয়ানা হলে, থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলিবর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সঙ্গে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেয়ার তথ্য পেয়ে কিছুসংখ্যক বিক্ষুব্ধ জনতা, সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানায়। পুলিশ সদস্যদের নিরস্ত্রকরণ, পরিচয় নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেয়া হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।

এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে— উল্লেখ করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ জানায় আইএসপিআর।