রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা ভর্তি প্রক্রিয়ায় পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের আন্দোলনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে অবস্থান নেন তারা।
অবস্থান ধর্মঘটে বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পোষ্যকোটাসহ কর্মকর্তা-কর্মচারীদের সব প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি না মানা হলে পূর্ণদিবস কর্মবিরতি ও পরবর্তী সময়ে শাটডাউনের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
রাবি কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন বলেন, আমাদের একটাই দাবি, প্রাতিষ্ঠানিক অধিকার ফিরিয়ে দিতে হবে। যতদিন আমাদের অধিকার ফিরিয়ে দেয়া না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব। আগামীকাল পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। এরপরও দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান বলেন, পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে এখন পর্যন্ত কেউ প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা করেনি।
গত ১ জানুয়ারি ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পোষ্যকোটা ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। সেদিন রাত ১০টায় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পোষ্যকোটা বাতিলের ঘোষণা দেন।










