কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। গতকাল হিমছড়ি সমুদ্রসৈকত পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কেএম সাদমান রহমান সাবাব (২১) বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার মিরপুর এলাকার কেএম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুজন হলেন বগুড়ার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

সাদমান সাবাবের বন্ধু রিয়াদ মিয়া বলেন, ‘প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘরসংলগ্ন সৈকতে যান। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুজন দৌড়ে ছাতার নিচে চলে এলেও অন্যরা সাগরে থেকে যান। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান।’

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু জানান, পাঁচ বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। এ সময় তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কাজ চালাচ্ছে।