নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তানভীর আলম (২২) নামে এক শ্রমিককে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ডায়নামিল্ক রি-রোলিং মিলে এ ঘটনা ঘটে। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, কর্ণগোপ এলাকার ডায়নামিল্ক রোলিং মিলে চাকরি করেন তানভীর আলম ও রাজীব। কারখানার আবাসিক এলাকায় রোববার রাতে টাকা পয়সার লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় রাজীব তানভীরের পেটে বেশ কয়েকটি ঘুষি মারেন। এতে ভানভীর মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। রাতেই পুলিশ অভিযুক্ত রাজীবকে গ্রেফতার করে। এ ঘটনায় রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।