মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকার সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে তিনটি সিএনজি চালিত অটোরিকশা পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন সূত্রে জানা যায়, বিকেলে কালাপুর এলাকার মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস লোড করার সময় ব্যবহৃত নজেল (পাইপ) সিলিন্ডারে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়। এরপর নজেলটি শব্দ করে ফেটে যায় এবং গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।
ক্ষতিগ্রস্ত একটি অটোরিকশার মালিক নুর মিয়া বলেন, গাড়িতে থাকা দুজন যাত্রীকে নিয়ে আমি দ্রুত সিএনজি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাই। এসময় আমার অটোরিকশার পেছনে ও অপর পাশে থাকা দুটি অটোরিকশায় আগুন ধরে যায়।
মেরিগোল্ড সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন লাগার খবর শুনে আসেন।
তিনি বলেন, সাধারণত গ্যাস পাম্পে আগুন লাগলে কেউ এগিয়ে আসে না। ভয়ে দূরে সরে যায়। আমি দ্রুত সেখানে গিয়ে পাম্পে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস পাম্পের ডিসপেন্সার মেশিন, নজেল, ওয়ারিংসহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তা আজিজুল হক রাজন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ আমরা অনুসন্ধান করে দেখছি।










