ভোট দিয়ে ভালো লাগছে, যতদিন বেঁচে থাকব, ভোট দিতে আসব। এরকম পরিবেশ আর দেখি নাই —ভোটাধিকার প্রয়োগ করে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন ৯৯ বছর বয়সী তাহের ভূঁইয়া। লাঠিতে ভর করে ভোট কেন্দ্রে এসেছেন তিনি।

বাড্ডার থানার অন্তর্গত বেরাইদের ফকিরখালী এলাকার ভোটার তাহের ভূঁইয়া। ভোট দিতে এসেছেন বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে। পোলিং কর্মকর্তার সহায়তা নিয়ে ভোট দিয়েছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোট দিতে পেরে খুশি বলেও জানান তিনি।

ভোট দেয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে আরেক ভোটার ফকির খালী গ্রামের বাসিন্দা মনির খান বণিক বার্তাকে বলেন, ‘১৮ বছর নির্বাচনই দেখি নাই। এর আগে কেন্দ্রেই আসতে পারি নাই। নির্বাচন কী জিনিস বুঝিই নাই। তারা তাদের মতো ভোট দিয়া নিছে। অনেক ভালো লাগছে শান্তিপূর্ণ পরিবেশ দেখে। যত সময়ই লাগুক, ভোট দিয়ে যাবো।’